বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক বিকাশ ও আন্তর্জাতিক অঙ্গনে বৈচিত্র্যময় গন্তব্যগুলোকে ব্যাপকভাবে পরিচিত করে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ‘ইউএন ট্যুরিজম’। সোমবার (১৬ নভেম্বর) কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে আয়োজিত এক বৈঠকে সংস্থাটির পক্ষ থেকে এ আশ্বাস দেওয়া হয়।
উক্ত দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এবং ইউএন ট্যুরিজমের পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির মহাসচিব শাইখা আল নুয়াইস। বৈঠকে পর্যটনমন্ত্রী তার বক্তব্যে অর্থনৈতিক ও সামাজিক গতিশীলতায় আকাশপথে যোগাযোগের ভূমিকা তুলে ধরায় ইউএন ট্যুরিজমের প্রধানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে দেশের পর্যটন অবকাঠামো গড়ে তোলা ও আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পর্যটন স্থানগুলোর শক্ত ব্র্যান্ডিং তৈরিতে বৈশ্বিক এই সংস্থার অংশীদারত্ব কামনা করেন।
দেশের পর্যটন খাতের সম্ভাবনা তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, নজরকাড়া পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম বিদেশি পর্যটকদের আকর্ষণ করার শক্তিশালী মাধ্যম। এই বৈচিত্র্যময় প্রাকৃতিক সম্পদ বাংলাদেশে আন্তর্জাতিক বিনিয়োগ টানার ক্ষেত্রে অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র তৈরি করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব শাইখা আল নুয়াইস পর্যটন খাতের মানোন্নয়নে সরকারের দূরদর্শী পরিকল্পনা ও নানামুখী উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে ২০২৭ সালের মে মাসে কোরিয়া প্রজাতন্ত্রে ইউএন ট্যুরিজমের যৌথ অংশীদারত্বে আয়োজিতব্য ‘ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্স’-এ অংশগ্রহণের জন্য তিনি বাংলাদেশের পর্যটনমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।
এ ছাড়া বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনসংক্রান্ত কোনো বড় সম্মেলনের আয়োজক হওয়ার প্রস্তাব দিয়ে শাইখা আল নুয়াইস বলেন, এ ধরনের আয়োজন সফল করতে ইউএন ট্যুরিজম প্রয়োজনীয় সব কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেবে। আলোচনার শেষ পর্যায়ে বাংলাদেশের এই বিকাশমান সম্ভাবনা সরেজমিনে দেখার জন্য মন্ত্রী তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। জবাবে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশে আসার বিষয়ে নিজের গভীর আগ্রহের কথা প্রকাশ করেন।





