দীর্ঘ চার বছরের অপেক্ষার পর সরকারি গেজেটে নিজের সঠিক পরিচয় ফিরে পেলেন বীর মুক্তিযোদ্ধা ও স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য প্রাণ গোবিন্দ কুন্ডু। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে মঙ্গলবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যার মাধ্যমে প্রাণ গোবিন্দ কুন্ডুর নাম, বাবার নাম এবং ঠিকানা সঠিকভাবে গেজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও মুক্তিযোদ্ধাদের সহায়তার লক্ষ্যে স্বাধীন বাংলা ফুটবল দল গঠিত হয়েছিল। দলটি ভারতের বিভিন্ন শহরে ১৬টি প্রদর্শনী ম্যাচ খেলে মুক্তিযুদ্ধের পক্ষে জনসমর্থন তৈরির পাশাপাশি মুক্তিযোদ্ধা তহবিলে অর্থ সংগ্রহের মাধ্যমে ইতিহাসে বিশেষ স্থান করে নিয়েছে। এই দলেরই একজন খেলোয়াড় ছিলেন প্রাণ গোবিন্দ কুন্ডু। তবে মুক্তিযোদ্ধাদের সরকারি গেজেটে তাঁর নাম ভুলভাবে ‘পবিন্দ কুন্ড’ এবং বাবার নাম ‘সুকুমার কুন্ড’ হিসেবে লিপিবদ্ধ ছিল। এছাড়া তাঁর ঠিকানাতেও ভুল ছিল।
দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে প্রবাসজীবন কাটানো এই সাবেক ফুটবলার ২০২২ সাল থেকে নিজের নাম ও পরিচয় সংশোধনের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছিলেন। আবেদনের সাথে তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের সতীর্থদের প্রত্যয়নপত্র, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নথিপত্র ও হলফনামাসহ প্রয়োজনীয় প্রমাণাদি জমা দেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই তদন্তে নিশ্চিত হওয়া গিয়েছিল যে, গেজেটে উল্লিখিত ‘পবিন্দ কুন্ড’ নামে কোনো ব্যক্তির অস্তিত্ব নেই এবং প্রকৃতপক্ষে তিনি প্রাণ গোবিন্দ কুন্ডু।
তদন্তে পরিচয় নিশ্চিত হওয়ার পরও গেজেট সংশোধনের বিষয়টি দীর্ঘ সময় ঝুলে ছিল। সম্প্রতি বিষয়টি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের নজরে এলে তাঁর হস্তক্ষেপে মন্ত্রণালয়ের গেজেট অধিশাখা প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে। দীর্ঘদিন প্রবাসজীবন কাটিয়ে দেশে ফেরা প্রাণ গোবিন্দ কুন্ডুর প্রত্যাশা ছিল, জীবদ্দশায় মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি গেজেটে নিজের সঠিক পরিচয় দেখে যাওয়ার। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।





