সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা আন্দোলনে নামলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার ‘স্টারলিং গ্রুপ’-এর শ্রমিকেরা এদিন সকালে কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন। একপর্যায়ে তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে ফেলেন, যার ফলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানিয়েছেন, ওই এলাকায় অন্য সব কারখানায় কাজ স্বাভাবিক থাকলেও কেবল স্টারলিং গ্রুপের শ্রমিকেরা ঝামেলা করছেন এবং বর্তমানে সেখানে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানিয়েছেন, শ্রমিকেরা সকালে শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও পরে কিছু কারখানার শ্রমিকেরা বাইরে বেরিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার বেশ কয়েকটি কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। বর্তমানে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশসহ বিজিবি মোতায়েন রাখা হয়েছে।





