জাতিসংঘের ওপর থেকে আস্থা হারিয়েছে বিশ্ববাসী, মন্তব্য ইরানি পররাষ্ট্রমন্ত্রীর

Published: September 23, 2026, 6:06 am

বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণে জাতিসংঘের ওপর থেকে বিশ্ববাসী পুরোপুরি আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বৈশ্বিক সংঘাত ও সংকট নিরসনে সংস্থাটির কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বরাতে পাকিস্তানি সংবাদপত্র ডন জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর টেলিগ্রাম চ্যানেলে তার এই বক্তব্য প্রকাশিত হয়েছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছানোর পর শীর্ষ এই ইরানি কূটনীতিক এই মন্তব্য করেন। টেলিগ্রামে আরাকচি লেখেন, "যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসকগোষ্ঠী আমাদের বিরুদ্ধে যে কাপুরুষোচিত যুদ্ধ চালিয়েছে, তার পরবর্তী ঘটনাপ্রবাহ এবং প্রকৃতপক্ষে এখনও বহাল থাকা যুদ্ধ পরিস্থিতির মধ্য দিয়েই এই সফরটি হচ্ছে।"

ইরানি পররাষ্ট্রমন্ত্রী জানান, মঙ্গলবার শুরু হওয়া সাধারণ পরিষদের অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আস্থা পুনরুদ্ধার’। তিনি বলেন, "আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে না পারায় সংস্থাটির ওপর থেকে যে আস্থা হ্রাস পেয়েছে কিংবা পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে, এই প্রতিপাদ্য তারই এক বৈশ্বিক স্বীকৃতি।"

আরাকচি আরও বলেন, "এর ফলে আমরা দেখছি, জায়নবাদী শাসনের মত একটি অপরাধী গোষ্ঠীকে ইচ্ছেমতো যে কোনো অপরাধ করতে অবাধ ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে নিজেদের মানবাধিকার ও মানবিক আইনের রক্ষক হিসেবে দাবি করা পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।"

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin