জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স (ইজিডিআই) ২০২৬-এ নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। বিশ্বের ১৯৪টি দেশের মধ্যে তিন ধাপ এগিয়ে ৯৭তম স্থানে উন্নীত হয়েছে দেশ। এর মাধ্যমে প্রথমবারের মতো এই সূচকের দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল-ডিজিট ব্র্যাকেট) প্রবেশ করল বাংলাদেশ।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর বাংলাদেশ ০.৬৮৯৩ স্কোর অর্জন করেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এই স্কোরের ওপর ভর করে 'হাই ইজিডিআই' বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপেই অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এর আগে ২০২৪ সালের পূর্ববর্তী সংস্করণে দেশের অবস্থান ছিল ১০০তম।
সূচকের বিভিন্ন উপাদানেও উন্নতি করেছে বাংলাদেশ। অনলাইন সার্ভিস ইনডেক্সে (ওএসআই) দেশের স্কোর দাঁড়িয়েছে ০.৮১ এবং টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে ০.৬৯। এই দুটি উপাদানেই বাংলাদেশ নিজেদের সর্বকালের সর্বোচ্চ নম্বর অর্জন করতে সক্ষম হয়েছে।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলী বিভাগ (ইউএন ডেসা) প্রকাশিত দ্বিবার্ষিক প্রতিবেদন ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এসব তথ্য জানা গেছে। প্রকাশিত নতুন এই তালিকার শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া (রিপাবলিক অব কোরিয়া)।
মূলত তিনটি মাত্রার নরম্যালাইজড স্কোরের ভারযুক্ত গড়ের ভিত্তিতে ইজিডিআই নির্ধারণ করা হয়—অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিুনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স। নাগরিক সেবা প্রদানে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতি যৌথভাবে পরিমাপ করে এই সূচক।
প্রতিবেদনে দেখা যায়, বিশ্বব্যাপী গড় ইজিডিআই ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ২০২৪ সালের ০.৬৩৮২ থেকে ২০২৬ সালে ০.৬৬৭৫-এ উন্নীত হয়েছে। বাংলাদেশের অর্জিত ০.৬৮৯৩ স্কোরটি বৈশ্বিক গড়ের চেয়েও বেশ উপরে। এছাড়া মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে বর্তমানে ১৫১টি দেশ উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত, ২০২৪ সালে যে সংখ্যাটি ছিল ১৩৮টি।





