এক টেস্টে ৩০০ রান, নতুন উচ্চতায় তাওহিদ হৃদয়

Published: November 9, 2026, 8:51 am

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের ডানহাতি ব্যাটার তাওহিদ হৃদয়। সিলেট টেস্টের পঞ্চম দিনে তিনি বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্শ করার অনন্য কীর্তি গড়েছেন। প্রথম ইনিংসে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিনি ফিফটি তুলে নিয়েছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে সংগ্রহ ছিল ৩৭ ওভারে ২ উইকেটে ১২৭ রান। ক্রিজে থাকা তাওহিদ হৃদয় ৯০ বলে ৬২ রানে অপরাজিত ছিলেন। প্রথম ইনিংসের রানসহ দুই ইনিংস মিলিয়ে তার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০৪ রান।

এর আগে এক টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল মুমিনুল হকের দখলে। ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রাম টেস্টে দুই ইনিংসে যথাক্রমে ১৭৬ ও ১০৫ রানসহ মোট ২৮১ রান করেছিলেন তিনি। এই তালিকার পরের অবস্থানে আছেন নাজমুল হোসেন শান্ত। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে এক টেস্টে তিনি মোট ২৭৩ রান করেছিলেন এবং ২০২৩ সালে আফগানিস্তানের বিপক্ষে তার সংগ্রহ ছিল ২৭০ রান। সবাইকে ছাড়িয়ে তাওহিদ হৃদয় এখন দেশের টেস্ট ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছে গেছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin