নিউইয়র্কে তারেক রহমানের সফর ঘিরে বিএনপি-আওয়ামী লীগ মুখোমুখি

Published: September 21, 2026, 12:12 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। স্থানীয় সময় ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি সড়কের পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে টাঙানো ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ-সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে দুই দলের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি ও স্লোগান-পাল্টা স্লোগান শুরু হয়।

সময়ের সঙ্গে সঙ্গে সেখানে দুই দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হলে নিউইয়র্ক পুলিশ হস্তক্ষেপ করে। আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয় এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বান জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আগামী ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin