তাহসিফের মৃত্যু নিয়ে ময়নাতদন্তের পর কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী

Published: October 29, 2026, 8:22 am

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যু নিয়ে ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানিয়েছেন, ঘটনার সব তথ্য বিশদভাবে জেনে নেওয়ার পরই সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবে। বৃহস্পতিবার সকালে রাজশাহী পুলিশ একাডেমিতে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

উত্তরখান থানাধীন রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে উদ্ধার করা হয়েছে অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মরদেহ। এর আগে গত মঙ্গলবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের নিজ ফ্ল্যাট থেকে নিখোঁজ হন কে এম এনায়েত হেলালের ছেলে তাহসিফ। পরদিন বুধবার বিকেলে নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। সংবাদ পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির গাজীপুর অফিসার ও সদস্য দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নৌ পুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ি বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করে।

রাজশাহী পুলিশ একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বেলা ১১টার দিকে অনুষ্ঠানস্থলে সাবেক প্রধানমন্ত্রী দেশত্যাগের একটি ভিডিও প্রকাশের ঘটনা কেন্দ্র করে শত্রুতার জেরে তাহসিফকে হত্যা করা হয়ে থাকতে পারে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাহসিফের মরদেহের পোস্টমর্টেম ও প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের আগে মন্তব্য না করে তিনি বলেন, সব জেনে শুনে তবেই কথা বলা যাবে, তার আগে কোনো বক্তব্য দেওয়া সমীচীন হবে না।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা ও পুলিশের পুনর্গঠন নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের মূল অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এনে দেশে শান্তি প্রতিষ্ঠা ও জনগণের কাছে স্বস্তি পৌঁছে দেওয়া। ফ্যাসিবাদী সরকারের আমলে অন্যান্য প্রতিষ্ঠানের মতো পুলিশ বাহিনীও যে মারাত্মক ক্ষতিগ্রস্ত ও ভঙ্গুর অবস্থায় পড়েছিল, তা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সেই পরিস্থিতি কাটিয়ে পুলিশ আজকে ক্রমান্বয়ে এই উন্নতির পর্যায়ে পৌঁছাতে পেরেছে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তাদের ভূমিকা অপরিসীম।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy