সিরিয়ার আলেপ্পোয় সামরিক গুদামে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

Published: September 21, 2026, 3:50 am

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর কাছে সেনাবাহিনীর একটি সামরিক স্থাপনায় ভয়াবহ ও ধারাবাহিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আল ইয়াসে অবস্থিত সেনাবাহিনীর ওই অস্ত্রের গুদামে শক্তিশালী এই বিস্ফোরণটি ঘটে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা’র বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এই খবর প্রকাশ করেছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বেসামরিক প্রতিরক্ষা অপারেশনের প্রধান ফয়সাল মোহাম্মদ আলি জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে উদ্ধারকর্মীরা চারজন আহত ব্যক্তিকে উদ্ধার করেছেন। আলেপ্পো থেকে আল জাজিরার সাংবাদিক ওবাইদা হিট্টো জানান, সেখানে প্রথম বিস্ফোরণের পর একের পর এক ধারাবাহিক বিস্ফোরণ ঘটতে থাকে। এই বিস্ফোরণের বিকট শব্দ দুর্ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও স্পষ্টভাবে শোনা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স দ্রুত ছুটে যেতে দেখা গেছে।

উদ্ভূত পরিস্থিতিতে আলেপ্পোর গভর্নর আজম আল গারিব নাগরিকদের নিরাপত্তার স্বার্থে কিছু সময়ের জন্য ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্থানীয় হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন। বিস্ফোরণের ফলে বাতাসে কোনো ক্ষতিকর রাসায়নিক উপাদান ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ওই সামরিক স্থাপনা অভিমুখী সব সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় ধরে গৃহযুদ্ধে জর্জরিত সিরিয়ায় সাম্প্রতিক সময়ে এ ধরনের বিস্ফোরণের ঘটনা প্রায়ই ঘটছে। এর আগে গত শুক্রবার দিয়ের আজ জোহর প্রদেশে একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হন। এছাড়া চলতি মাসের শুরুর দিকে ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি অস্ত্রাগারে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৪ জন নিহত এবং ১১ জন আহত হয়েছিলেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin