লালমাইয়ে ধানক্ষেতে স্কুলছাত্রীর লাশ, জীবন বাঁচাতে লড়াইয়ের চিহ্ন

Published: October 9, 2026, 4:02 am

কুমিল্লার লালমাই উপজেলার জগতপুর এলাকায় ধানক্ষেত থেকে জান্নাতুল তাজমিন (১৫) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফসলি জমির মাঠে ওই কিশোরীর নিথর দেহ পাওয়া যায়। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে স্থানীয়রা জানিয়েছেন, সেখানে অন্তত ৪ থেকে ৫টি ধানক্ষেতে ধস্তাধস্তি ও দৌড়াদৌড়ির চিহ্ন স্পষ্ট ছিল, যা থেকে ধারণা করা হচ্ছে মেয়েটি নিজের জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিল।

স্থানীয় বাসিন্দা মো. হাসান জানান, সকালে ধানক্ষেতে একটি সিএনজি পড়ে থাকতে দেখে তারা ঘটনাস্থলে যান। সিএনজি থেকে ২০ থেকে ৩০ গজ দূরে একটি ভ্যানিটি ব্যাগ এবং কাছাকাছি ধানক্ষেতে ধস্তাধস্তির চিহ্ন দেখে তারা এগিয়ে গিয়ে ওই কিশোরীর লাশ দেখতে পান। তার মুখ কাদায় গোঁজা ছিল, শরীর বস্ত্রহীন অবস্থায় পাওয়া যায় এবং গলায় একটি গামছা প্যাঁচানো ছিল। স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, বৃহস্পতিবার সকালে লালমাই থানার ওসির মাধ্যমে ঘটনার খবর পাওয়া যায়। পুলিশ লাশটি শনাক্ত করেছে এবং ঘটনাস্থল থেকে একটি সিএনজি উদ্ধার করা হয়েছে। সিএনজিচালকের সন্ধানে অভিযান চালানো হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিক পর্যবেক্ষণে নিহতের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় গামছা পেঁচানো অবস্থায় ছিল। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে ওই কিশোরী যে বান্ধবীর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে, ময়নাতদন্ত শেষে সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা জান্নাতুল তাজমিনের লাশ নিয়ে যশোরের উদ্দেশে রওয়ানা হয়েছেন। যশোরের সদর উপজেলার ছাতিয়ানতলা এলাকায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। কুমিল্লা রেসকোর্স ধানমন্ডি রোডের যে বাসায় তাজমিন থাকত, সেখানে গিয়ে দেখা গেছে বাসার দরজায় তালা ঝুলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh