সিরাজগঞ্জের কামারখন্দে অবৈধভাবে ইউরিয়া সার মজুদ করে ‘কৃত্রিম সংকট তৈরির দায়ে’ মনিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মনিরুল ইসলাম কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে এবং তিনি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ধোপাকান্দি গ্রামে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এই অভিযানে মনিরুল ইসলামের বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, সার ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





