বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন হলো শুভ মহালয়া। এই মহালয়ার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দেবীপক্ষ। ধর্মীয় রীতি অনুযায়ী, শ্রীশ্রী চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে আবাহন করাই মহালয়া হিসেবে পরিচিত। চণ্ডীপাঠে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও তাঁর প্রশস্তি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) মহালয়া উপলক্ষে দেশের বিভিন্ন মন্দির ও পূজামণ্ডপে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রমনা কালীমন্দির এবং স্বামীবাগের লোকনাথ ব্রহ্মচারী আশ্রম।
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকালের মহালয়া অনুষ্ঠানের পর সনাতন ধর্মাবলম্বীরা তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ করবেন। এরপর সেখানে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার আয়োজন করা হয়েছে।
মহালয়া মূলত দুর্গোৎসবের ক্ষণগণনা শুরুর প্রতীক। ধর্মীয় বিশ্বাস অনুসারে, মহালয়ার দিন দেবী দুর্গার ঘট স্থাপনের মাধ্যমে কৈলাস থেকে মর্ত্যে দেবীর আগমনের প্রতীকী সূচনা ঘটে।





