শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে সেবা দিতে আগ্রহী চার আন্তর্জাতিক প্রতিষ্ঠান

Published: October 9, 2026, 10:16 am

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়াম চারটি আন্তর্জাতিক গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা ছাড়পত্র পাওয়ার লক্ষ্যে এই তালিকা জমা দেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি এই প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকেই টার্মিনালটির দ্বিতীয় যাত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং অপারেটর নির্বাচন করা হবে।

বেবিচক সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান জানিয়েছেন, মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো— যুক্তরাজ্যের সদর দপ্তরভিত্তিক মেনজিস এভিয়েশন, সুইজারল্যান্ডের সুইসপোর্ট, তুরস্কের সেলেবি এভিয়েশন হোল্ডিং এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডানাটা।

বর্তমানে বেবিচক এই প্রতিষ্ঠানগুলোর নাম যাচাই-বাছাই করছে। বাংলাদেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে— এমন কোনো নিরাপত্তা, নিয়ন্ত্রক সংক্রান্ত বা অন্য কোনো উদ্বেগের মুখে প্রতিষ্ঠানগুলো রয়েছে কি না, তা কর্তৃপক্ষ পরীক্ষা করে দেখবে।

আবু সাঈদ মাহবুব খান আরও জানান, কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র পাওয়ার পর জাপানি কনসোর্টিয়াম যোগ্য অপারেটরদের মধ্য থেকে একটি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে নির্বাচন করবে। এরপর বেবিচক সেই নির্বাচিত প্রতিষ্ঠানের নামে প্রয়োজনীয় গ্রাউন্ড হ্যান্ডলিং লাইসেন্স ইস্যু করবে। এই প্রক্রিয়ার মাধ্যমেই তৃতীয় টার্মিনালে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরুর পথ প্রশস্ত হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh