কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের মেসার্স মায়ের দোয়া ব্রিকসে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চরপুমদি গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের ছেলে গোলাপ মিয়া (৬০)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইটভাটায় কাজ করার সময় হঠাৎ কিলন বা চিমনির পাশের দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক প্রাণ হারান।
এ ঘটনায় আন্নাছ মিয়া ও হৃদয় মিয়া নামে আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাতে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
দুর্ঘটনার খবর পেয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।





