দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। মৃত ৩ শিশুর মধ্যে সিলেট, চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে রয়েছেন।
একই সময়ে দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১,২৬৮ শিশু এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮১ জনের। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ১,৩৪৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৫ হাজার ৯০ জন। এই সময়ের মধ্যে মোট ১,১৪৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জন এবং হামের উপসর্গে ১,০৪৩ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে ৯ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ২ লাখ ২ হাজার ৮৯৩ জন। এর মধ্যে নিশ্চিত হামের রোগী ২২ হাজার ১৯৭ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮০ হাজার ৯৭ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৭০৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গে আক্রান্তের হার সবচেয়ে বেশি; এই বিভাগে ৪৫৭ জন রোগী পাওয়া গেছে এবং নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ৬০ জন।
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৭: ৪৪আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১৭: ৪৬





