ফুলহামের বর্ষসেরা ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত ফারহান আলী ওয়াহিদ

Published: October 9, 2026, 1:00 pm

ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমির বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার ফারহান আলী ওয়াহিদ। ১৯ বছর বয়সি এই উইঙ্গার ২০২৬ সালের ‘জনি হেইনেস ট্রফি’ জিতেছেন। ক্লাবের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সরাসরি ভোটে তাকে এই পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। সাধারণত একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ও উদীয়মান ফুটবলারকে এই সম্মাননা দেওয়া হয়।

লন্ডনে জন্ম ও বেড়ে ওঠা ফারহানের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। তার বাবা-মা বাংলাদেশি বংশোদ্ভূত। ২০০৬ সালের ৯ ডিসেম্বর জন্ম নেওয়া এই ফুটবলারের ফুটবলে হাতেখড়ি হয়েছিল চেলসির একাডেমিতে। এরপর ২০১৯ সালে তিনি ফুলহামের যুব দলে যোগ দেন। সেখানে ধাপে ধাপে নিজের দক্ষতা প্রমাণ করে তিনি অনূর্ধ্ব-২১ দলে জায়গা করে নেন।

পেশাদার ফুটবলে নিজের প্রথম বছরেই গত মৌসুমে ফারহান দারুণ নজর কাড়েন। প্রিমিয়ার লিগ টুর অনূর্ধ্ব-২১ পর্যায়ে ২১টি ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে মোট ১৭টি গোলে অবদান রাখেন তিনি। এর আগে ২০২৫ সালের নভেম্বরে এই প্রতিযোগিতার মাসসেরা খেলোয়াড়ের স্বীকৃতিও পেয়েছিলেন এই তরুণ। তার ধারাবাহিক উন্নতির অংশ হিসেবে ২০২৬ সালের আগস্টে ফুলহাম থেকে ধারে পঞ্চম স্তরের ইংলিশ ক্লাব বোরহাম উডে যোগ দেন তিনি।

ফারহানের সাফল্যের তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় দলের অধ্যায়। সেপ্টেম্বর-অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত আসিয়ান কাপে বাংলাদেশের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক হয়। ইন্দোনেশিয়ার বিপক্ষে নিজের প্রথম আন্তর্জাতিক গোলটিও করেন তিনি।

জনি হেইনেস ট্রফি জয়ের পর ফারহান তার সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সতীর্থদের ভোটে এই পুরস্কার পাওয়াকে তিনি অত্যন্ত তৃপ্তিদায়ক বলে বর্ণনা করেছেন। ফুলহামের একাডেমিতে নিজের বিকাশের এই স্বীকৃতি পাওয়ার পর ফারহানের লক্ষ্য এখন ক্লাব ফুটবলে ধারাবাহিকতা বজায় রাখা এবং বাংলাদেশের জার্সিতে আরও অবদান রাখা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh