১৮ কোটি মানুষের দাবি আদায়ে মাঠে নেমেছি: ডা. শফিকুর রহমান

Published: September 19, 2026, 10:11 am

জামায়াতে ইসলামীর আমীর ও সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের এই আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং ১৮ কোটি মানুষের দাবি আদায়ের লক্ষ্যে তারা মাঠে নেমেছেন। শনিবার দুপুর ২টার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় এলাকায় ঢাকা থেকে রংপুরগামী লংমার্চের এক পথসভায় তিনি এ কথা বলেন। তিনি দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান ৮ দফা দাবি যদি এক দফায় পরিণত হয়, তবে পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে। সেই পরিস্থিতি সৃষ্টির আগেই সরকারকে ৮ দফা বাস্তবায়নের আহ্বান জানান তিনি। তিনি বলেন, এই দাবি মানতে ব্যর্থ হলে তারা এক দফা নিয়ে আন্দোলনের মাঠে নামবেন এবং কোনো কিছুকেই পরোয়া করবেন না। পথে আসার সময় সাধারণ মানুষের কাছ থেকে এক দফার প্রতি সমর্থন পেয়েছেন বলেও তিনি জানান এবং উপস্থিত জনতাকে আন্দোলনের প্রস্তুতি নিতে ও ঘরে ঘরে সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

পথসভায় বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপি সর্বক্ষেত্রে দলীয়করণের মাধ্যমে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। তবে তারা ভয় পান না উল্লেখ করে তিনি বলেন, চব্বিশের সন্তান হিসেবে গণঅভ্যুত্থানের মাধ্যমে তারা প্রমাণ করেছেন বাংলাদেশে স্বৈরাচারের কোনো স্থান নেই। তেল, গ্যাস, বিদ্যুৎ এবং কৃষকের সার নিশ্চিত করতে ব্যর্থ হলে সরকার স্বৈরাচারী হয়ে উঠবে বলে সতর্ক করেন তিনি। তিনি জানান, দাবি আদায়ের অংশ হিসেবে এই লংমার্চ চলছে এবং অতি দ্রুত ঢাকা শহরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে, যার জন্য সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin