সরকারের পদত্যাগ দাবি নাসীরুদ্দীন পাটওয়ারীর, কঠোর সমালোচনা তারেক রহমানের

Published: September 19, 2026, 11:20 am

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বর্তমান সরকারের পদত্যাগ দাবি করেছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ১১ দলীয় ঐক্যের এক পথসভায় তিনি এই দাবি জানান।

সভায় তিনি বর্তমান সরকারকে ‘নব্য ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, তারেক রহমানের সরকার বিগত সরকারের মতোই ফ্যাসিবাদী আচরণ করছে। তিনি আরও অভিযোগ করেন, তারেক রহমানের সরকার খুন ও গুমসহ যাবতীয় অপকর্ম চালিয়ে যাচ্ছে, যার ফলে জনগণ এই সরকারের ওপর অত্যন্ত ক্ষিপ্ত হয়ে পড়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মানুষ এই সরকারের ওপর অতিষ্ঠ হয়ে উঠেছে এবং প্রখর রোদের মধ্যেও দাঁড়িয়ে লংমার্চে অংশ নিয়েছে। বিদ্যুৎ পরিস্থিতির সমালোচনা করতে গিয়ে তিনি বিদ্যুৎমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, এখন সর্বত্র একটি কথা ছড়িয়ে পড়েছে—‘টুকু আসে, টুকু যায়’, কিন্তু এখন আর টুকু আসে না।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি ছয় দফা না মানে তবে তা এক দফায় রূপ নেবে। সব সংকট নিরসনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করার আহ্বান জানান এনসিপির এই নেতা।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh