জুলাই সনদ বাস্তবায়ন, তিস্তা ব্যারেজ নির্মাণ এবং চাঁদাবাজি বন্ধসহ মোট ৮ দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ থেকে এই লংমার্চ কর্মসূচি শুরু হয়।
গাজীপুরের ভোগরা বাইপাস মোড়ে আয়োজিত এক পথসভায় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, এই লংমার্চ কোনো দলীয় দাবি আদায়ের জন্য নয়, বরং ১৮ কোটি মানুষের দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছেন। তিনি জানান, ঘরে ঘরে গ্যাস পৌঁছে দেওয়া, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, মানুষের দুঃখ-কষ্ট লাঘব করা এবং রাস্তাঘাট ও হাট-বাজারে চাঁদাবাজি বন্ধ করাই তাদের মূল লক্ষ্য। এছাড়া দুর্নীতিতে ছেয়ে যাওয়া দেশ থেকে দুর্নীতি দূর করা এবং আধিপত্যবাদের বিরুদ্ধেও এই লংমার্চ পরিচালিত হচ্ছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই তারা রাজপথে নেমেছেন। তিনি আরও বলেন, সরকার জনগণের গণভোটের রায়কে অপমান করেছে এবং সেই অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য তারা রাস্তায় নেমেছেন। জনগণের রায়ের বাস্তবায়ন এই বাংলার মাটিতেই হবে বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত আমীর হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে ৮ দফা দাবিতে কর্মসূচি চললেও জনগণের প্রয়োজনে তা যেকোনো সময় এক দফায় পরিণত হতে পারে। তিনি জনগণের সমর্থন কামনা করে বলেন, আপনারা পাশে থাকলে দাবি আদায়ের মাধ্যমেই তারা ঘরে ফিরবেন।





