সৌদিতে হুথিদের হামলায় দুই বাংলাদেশিসহ ১২ জনের প্রাণহানি, ঢাকার নিন্দা

Published: October 11, 2026, 9:00 am

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের চালানো হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছেন। ১০ অক্টোবরের ওই ভয়াবহ হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন, যাদের মধ্যে অনেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। রবিবার (১১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহত ও আহত বাংলাদেশিদের সঠিক তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে রিয়াদে অবস্থিত বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। বাংলাদেশ সরকার এই হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে এবং আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ ধরনের হামলাকে অগ্রহণযোগ্য উল্লেখ করে অবিলম্বে সংঘাত বন্ধের আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বেসামরিক নাগরিকদের জীবন বিপন্নকারী এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে চালানো এ হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৌদি আরবের সরকার ও ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করে ঢাকা জানিয়েছে, আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অবিলম্বে সংঘাত বন্ধ করা প্রয়োজন। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করতে এবং সংলাপ ও কূটনীতির মাধ্যমে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh