রূপগঞ্জে স্টিল মিলে বয়লার বিস্ফোরণ, দগ্ধ ৪ জন ঢাকায় ভর্তি

Published: October 8, 2026, 4:16 am

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার একটি স্টিল মিলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে এসে ভর্তি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন— সাজিব সরকার (৩২), রুবেল আহমেদ (২৮), নাজমুল (৩৩) ও আবির (১৯)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

চিকিৎসক আরও জানান, দগ্ধদের মধ্যে সাজিব সরকারের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। এছাড়া রুবেল আহমেদের শরীরের ২৫ শতাংশ, নাজমুলের শরীরের ২০ শতাংশ এবং আবিরের শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের প্রয়োজনীয় চিকিৎসা ও সার্বিক তত্ত্বাবধানের প্রক্রিয়া চলমান রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh