রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

Published: November 20, 2026, 3:20 am

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের সপ্তম চালান এসে পৌঁছেছে। শুক্রবার সকাল ৬টা ২৪ মিনিটে তিনটি বিশেষায়িত লরিতে করে এই পারমাণবিক জ্বালানি প্রকল্প এলাকায় নিয়ে আসা হয়। পুরো প্রক্রিয়াটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, এই প্রকল্পের জ্বালানি সরবরাহের কাজ চলছে। পরিকল্পনা অনুযায়ী, নয়টি চালানের মাধ্যমে এই জ্বালানি দেশে আসার কথা রয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি কার্গো বিমানে ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটে পুনরায় জ্বালানি সরবরাহের জন্য আরও দুটি কার্গোতে ৪৮টি অ্যাসেম্বলি আনার পরিকল্পনা রয়েছে।

রাশিয়ান প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ভিভিইআর-১২০০ মডেলের ইউনিট রয়েছে। গত ১৭ নভেম্বর প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়। ওই দিন বিকেল ৩টা ১৬ মিনিটে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে কেন্দ্রটির সফল সিনক্রোনাইজেশন সম্পন্ন হয়, যেখানে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই ঘটনাকে দেশের জ্বালানি খাতের একটি ঐতিহাসিক অর্জন হিসেবে অভিহিত করেছেন। তিনি জানান, এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশের তালিকায় যুক্ত হয়েছে। মন্ত্রী আরও উল্লেখ করেন, কারিগরি পরীক্ষার প্রয়োজনে কেন্দ্রটিকে সাময়িকভাবে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে এবং প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় চার থেকে ছয় ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত করে পরীক্ষা চালানো হবে।

চুক্তি অনুযায়ী, ১০ মাসের ট্রায়াল অপারেশন শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন প্রভিশনাল টেকওভারের মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব গ্রহণ করবে। এরপর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অর্গানাইজেশন হিসেবে কার্যক্রম শুরু করবে। প্রকল্পটির দুটি ইউনিট পূর্ণাঙ্গভাবে চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh