সড়কে চাঁদাবাজি বন্ধে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী

Published: October 8, 2026, 8:27 am

সড়ক পরিবহন খাতে আইনবহির্ভূত কর্মকাণ্ড ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নবগঠিত কমিটির নেতাদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ রয়েছে, তা দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। সড়কে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধে শ্রমিক ফেডারেশন সক্রিয় ও সোচ্চার ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জোর দিয়ে বলেন, সড়ক নিয়ে গড়ে ওঠা মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে এবং ফ্যাসিবাদের আমলে সড়কের যে নৈরাজ্য তৈরি হয়েছিল তা বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করবে। এর পাশাপাশি তারা শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম এবং সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy