সৌদি আরবের রাজধানী রিয়াদে আবারও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার শহরের কেন্দ্রীয় এলাকায় বিস্ফোরণের এই শব্দ শুনতে পান বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। তবে এই বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। এটি কোনো ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে কোনো লক্ষ্যবস্তু ধ্বংসের ঘটনা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে—তা এখনো স্পষ্ট নয়। সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানানো হয়নি।
এর মাত্র এক দিন আগে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভয়াবহ হামলার ঘটনা ঘটে। গত এক দশকের মধ্যে একে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে অন্তত ১২ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়েছেন। এই ঘটনার পর সৌদি আরবে নিরাপত্তা উদ্বেগ নতুন করে বেড়েছে। নতুন হামলার হুমকির মুখে রিয়াদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ রাখা এবং রাজধানীর স্কুলগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এর আগে সৌদি আরবের বিমানবন্দর ও তেল স্থাপনায় হামলার হুমকি দিয়েছিল। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র বিমান সংস্থা, কর্মী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে সতর্ক করেছেন।





