সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করল রাঙ্গামাটি প্রশাসন

Published: October 11, 2026, 3:31 pm

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় অবস্থিত সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পর্যটনকেন্দ্রটি বন্ধ থাকবে।

বর্তমানে সাজেক এলাকায় অবস্থানরত পর্যটকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে প্রশাসন। তাদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে সাজেক ত্যাগ করে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু হয়েছিল। অবরোধের সমর্থনে বিক্ষোভকারীরা সড়কের বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করেন। তবে একই দিন সন্ধ্যার দিকে প্রশাসনের সঙ্গে আলোচনার পর সংগঠন দুটি তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেয়।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh