নাটোরের নলডাঙ্গা উপজেলার শাখাড়িপাড়া এলাকায় মাদক সেবনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন। আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধী সাব্যস্ত হওয়ায় ওই দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেকের কাছ থেকে ১০০ টাকা করে জরিমানা আদায় করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শাখাড়িপাড়ার মো. কামরুল ইসলামের ছেলে মো. সাব্বির হোসেন (২৪) এবং একই গ্রামের মৃত ওবায়েদের ছেলে মো. রাজু আহমেদ (২৮)। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসান মাহমুদ।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন জানান, সমাজে অপরাধ দমনে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।





