জ্বালানি ও দ্রব্যমূল্য নিয়ে সপ্তাহব্যাপী গণসংযোগ করবে এনসিপি

Published: October 11, 2026, 5:00 pm

আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, চাকরিক্ষেত্রে নিয়োগ বাণিজ্য ও দুর্নীতির প্রতিবাদে সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৩শে অক্টোবর থেকে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এছাড়া আগামী ৩০শে অক্টোবর এসব জনসংশ্লিষ্ট বিষয়ে রাজধানীর শাহবাগে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির আয়োজনে একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

রোববার রাতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আখতার হোসেন। ২৩শে অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন নাহিদ ইসলাম, যেখানে দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সক্রিয় থাকবেন। দলের শীর্ষ নেতারা নিজ নিজ নির্বাচনী এলাকার পূজামণ্ডপ পরিদর্শন করবেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

দলীয় পুনর্গঠনের বিষয়ে সভায় জানানো হয় যে, কেন্দ্রীয় কমিটির পুনর্গঠন ও দায়িত্ব বণ্টনের কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১৩ই অক্টোবরের মধ্যে এই কমিটি ঘোষণা করা হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে আগামী সপ্তাহে ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থীদের তালিকা তৈরির কাজও ত্বরান্বিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ এমপি, সারজিস আলম, নাসীরউদ্দীন পাটোয়ারী, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আব্দুল্লাহ আল আলামিন এমপি, আরিফ ইসলাম আদীব, সারোয়ার তুষার, নুসরাত তাবাসসুম এমপি, আলী আহসান জুনায়েদ ও সালেহ উদ্দিন সিফাত।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin