যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজশাহীতে ঐতিহাসিক ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শনিবার সকালে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃবৃন্দ। পরে পায়রা, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচিগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল।
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ ফিরিয়ে দিয়েছিলেন এবং তিনি আজীবন জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন। দেশকে ফ্যাসিবাদ ও হানাদারমুক্ত করার ক্ষেত্রেও তিনি নেতৃত্ব দেন। জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই বিএনপি সব সময় দেশ ও জাতির সেবায় কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
ভূমিমন্ত্রী আরও যুক্ত করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোনো স্বৈরাচারের মতো বা জোর করে রাষ্ট্রক্ষমতায় আসেননি; দেশের প্রয়োজনে তিনি বিভিন্ন সময়ে চরম পরীক্ষার মুখোমুখি হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ঐতিহাসিক ও সর্বোচ্চ অবদান রয়েছে এবং তাঁকে সামনে রেখেই এ দেশের মানুষ প্রকৃত স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছিল। অনুষ্ঠানে রাজশাহী মহানগর বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন।





