পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, যারা বিদেশের মাটিতে বসে বাংলাদেশে বাস ও ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, সরকার ও দেশের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। শনিবার সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দার শহীদ আক্রামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, গত ১৭ বছর ধরে দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ আজ যারা বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দিচ্ছেন, তারাই গত ১৭ বছর বাংলাদেশকে শোষণ, শাসন ও নির্যাতন করেছেন। তিনি আরও বলেন, একাত্তরের পরাজিত শক্তি এবং গত ১৭ বছরের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শক্তি আজ এক হয়ে বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা এখনো বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ওই ঘটনার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন দিশা পেয়েছিল। সে সময়ও পরাজিত শক্তি দেশকে বিপথগামী করার এবং দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র করেছিল।
নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।





