সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চকরিয়ার সাত প্রবাসীর মৃত্যু

Published: November 7, 2026, 7:00 pm

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাতজন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে পবিত্র নগরী মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে বলে জানা গেছে।

নিহতদের কয়েকজন সৌদি আরবের ‘আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানি’তে কর্মরত ছিলেন। কোম্পানিটির মার্কেটিং ম্যানেজার নুরুজ্জামান জানান, তারা একটি ব্যক্তিগত গাড়িতে মদিনা থেকে জেদ্দার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে দীর্ঘ মহাসড়কে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে রয়েছেন ওই কোম্পানির স্টোরকিপার জিয়াউর রহমান, তার দুই ছেলে ও এক মেয়ে। এছাড়া একই কোম্পানির ফর্কলিফট চালক ইলিয়াসের স্ত্রী এবং মক্কায় কর্মরত স্টোরকিপার শাহ আলম ও তার এক মাস বয়সী কন্যাশিশুর মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে শিশু এবং ইলিয়াসের স্ত্রীর নাম জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে সৌদি আরবের পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলো উদ্ধার করে মদিনার একটি সরকারি হাসপাতালের মর্গে পাঠায়। কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মৃতদেহগুলো দ্রুত দেশে স্বজনদের কাছে পাঠানোর জন্য কনস্যুলেট থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হচ্ছে।

এদিকে, এই মর্মান্তিক মৃত্যু সংবাদে পুরো চকরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চকরিয়া ও মাতামুহুরি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন দেলোয়ার জানিয়েছেন, তারা দুর্ঘটনার খবর পেয়েছেন, তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin