রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার চারজন হলেন—আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) এবং মারজিয়া খন্দকার রিমি (২৭)।
পুলিশ জানায়, শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিটি বিকৃত করার চেষ্টার সময় ওই চারজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে এবং মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, দায়ের করা মামলায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।





