ময়মনসিংহে কিশোর গ্যাং ‘সাইকো গ্যাং কিলার’: নেতৃত্বে নবম শ্রেণির ছাত্র

Published: November 21, 2026, 11:41 am

ময়মনসিংহ নগরে ‘সাইকো গ্যাং কিলার’ বা পিজিকে নামে একটি কিশোর গ্যাংয়ের অস্তিত্বের তথ্য পেয়েছে পুলিশ। নবম শ্রেণির এক শিক্ষার্থী এই গ্যাংটির নেতৃত্ব দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, এই কিশোর গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থনে মিছিল করার মতো কর্মকাণ্ডেও জড়িত ছিল।

গ্যাংটির নেতৃত্ব দেওয়া কিশোরের ফেসবুক প্রোফাইলে ‘সাইকো গ্যাং কিলার’ ও ‘ময়মনসিংহ টপ ব্রাদারহুড সিন্ডিকেট’ হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। এই গ্যাংয়ের সদস্যদের বিরুদ্ধে শহরের বিভিন্ন গলিতে উচ্চ শব্দে ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগ রয়েছে। গত ১ নভেম্বর ওই কিশোরকে ট্যাগ করে ফেসবুকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়, যেখানে ২০ নভেম্বর বেলা আড়াইটায় ‘সাইকো গ্যাং কিলার (পিজিকে) ভাই ব্রাদার শোডাউন’ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

এই ঘোষণার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার দুপুরে জেলা পুলিশ লাইনস ও কাশর এলাকায় কয়েক শ কিশোরকে নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় দুটি মোটরসাইকেলের সামনে থেকে ভিডিও ধারণ করা হচ্ছে এবং মিছিল থেকে ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে। মিছিলটি পরে স্থানীয় একটি মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলের খবর পেয়ে পুলিশ ওই দিন বিকেলে ১৪ থেকে ১৭ বছর বয়সী ছয় কিশোরকে আটক করে। আটককৃতদের মধ্যে দুজন নবম ও দশম শ্রেণির শিক্ষার্থী। বাকিদের মধ্যে কেউ মুঠোফোন মেরামত, অটোরিকশা মেরামত বা জুতার দোকানে কাজ করে, আবার কেউ বাসের চালকের সহকারী হিসেবে নিয়োজিত। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিষিদ্ধ একটি সংগঠনের পলাতক সদস্য হিসেবে চিহ্নিত ব্যক্তিদের নেতৃত্বে এই মিছিল আয়োজিত হয়েছিল এবং অংশগ্রহণকারী প্রত্যেক কিশোরকে ১০০ টাকা করে দেওয়া হয়েছিল।

ময়মনসিংহ জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, সাইকো গ্যাং কিলারের সদস্যরা এলাকায় মহড়া, ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধমকি ও ছোটখাটো হামলার মতো অপরাধে জড়িত ছিল। পুলিশের কাছে আগে থেকেই তাদের বিষয়ে তথ্য ছিল। গত শুক্রবারের ঘটনার পর তাদের কার্যক্রম, নেতৃত্ব এবং গোষ্ঠীর বিস্তৃতি সম্পর্কে বিস্তারিত জানতে আটক ছয়জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন আরও জানান, ময়মনসিংহ শহরে এ ধরনের আরও একাধিক গোষ্ঠীর অস্তিত্ব পাওয়ার তথ্য যাচাই করা হচ্ছে। এগুলো পৃথক গোষ্ঠী নাকি একই গোষ্ঠীর ভিন্ন ভিন্ন নাম, তা খতিয়ে দেখা হচ্ছে। আটক ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, গত শুক্রবারের মিছিলের পর মধ্যরাতে ওই কিশোর গ্যাং নেতার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফেসবুকে বিভিন্ন পোস্ট থেকে জানা যায়, এই গ্যাংটি ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র ইকরামুল হকের সমর্থনে মিছিল করেছিল।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo