সাভার সেনানিবাসে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকাল সোয়া ৯টার দিকে তিনি গুলশানের নিজ বাসভবন থেকে সাভার সেনানিবাসে পৌঁছান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান তাকে স্বাগত জানান।
সেনানিবাসে পৌঁছানোর পর সেনাবাহিনীর একটি চৌকস দল প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। এরপর তিনি উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে সালাম বিনিময় করেন। এ বছর জাতীয় পতাকা প্রাপ্ত ইউনিটগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ সেনানিবাসের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। রাস্তার দুই পাশে অবস্থান নেওয়া স্থানীয় জনগণ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।





