ক্যানসারের সঙ্গে লড়াই করছেন বাংলাদেশ নারী ফুটবল দলের প্রধান কোচ পিটার বাটলার। বর্তমানে ইংল্যান্ডে অবস্থানরত এই কোচ মুঠোফোনে প্রথম আলোকে নিজের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি সত্যি ভালো নেই। শরীরটা খুব খারাপ। আমার জন্য দোয়া করবেন।’ শারীরিক অসুস্থতার কারণে আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে রাজি হননি তিনি।
বাটলারের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়ালও। তাঁর শারীরিক অবস্থার কারণে বাংলাদেশ নারী দলের কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার বিষয়টি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ‘পিটার ক্যানসারে আক্রান্ত। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন—এটাই আমাদের চাওয়া। আসলে তাঁর শারীরিক অবস্থার কারণে তিনি কাজ চালিয়ে যেতে পারবেন কি না, সে বিষয়ে এখনো তাঁর কাছ থেকে কোনো নিশ্চয়তা পাইনি। আমরা অপেক্ষা করছি, দেখা যাক তিনি কী বলেন।’
গত মাসের শেষ দিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ইংল্যান্ডে ফিরে যান পিটার বাটলার। তাঁর অনুপস্থিতিতে বর্তমানে দলের সহকারী কোচ আবুল হোসেন ও লিনা চাকমা দলের অনুশীলন ও সামগ্রিক কার্যক্রম পরিচালনা করছেন। জানা গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বাটলারের পাঠানো নির্দেশনা অনুযায়ীই কাজ করছেন এই দুই সহকারী কোচ।
আগামী ১ ও ৫ ডিসেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল। এই ম্যাচগুলোকে সামনে রেখে বাফুফে ফরাসি কোচ এরিক মেয়ারকে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।
এদিকে বাংলাদেশ নারী ফুটবল দল বর্তমানে চট্টগ্রামে অবস্থান করছে। গত ৩০ অক্টোবর ৪৪ সদস্যের দলটি সেখানে পৌঁছায় এবং আনোয়ারার কোরিয়ান ইপিজেডে আবাসিক ক্যাম্প করছে। সূচি অনুযায়ী, ১৬ নভেম্বর নারী ফুটবলারদের ঢাকায় ফেরার কথা রয়েছে। পরদিন ১৭ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপভোগ করবেন তাঁরা। এরপর ১৯ নভেম্বর আবারও চট্টগ্রামে ফিরে যাওয়ার কথা রয়েছে দলটির।





