পাবনায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

Published: September 19, 2026, 10:24 am

ডেঙ্গু পরিস্থিতির বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পৌর শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে পাবনায় এক বিশেষ মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পাবনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রম শুরু করা হয়।

অভিযান চলাকালে পৌর শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুবাহী এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এর অংশ হিসেবে মশা নিধনে স্প্রে প্রয়োগ করা হয় এবং নালা-নর্দমা পরিষ্কারসহ জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পরিষদ পাবনার প্রশাসক জহুরুল ইসলাম বিশু। অভিযান শেষে অতিথিরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং ডেঙ্গু সচেতনতার ওপর জোর দেন।

সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ডেঙ্গু প্রতিরোধ কেবল সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব নয়, এটি একটি সামাজিক আন্দোলন। প্রতিটি পরিবারকে নিজ বাড়ির চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও পানি জমতে দেওয়া যাবে না, কারণ সচেতনতাই ডেঙ্গু নিয়ন্ত্রণের প্রধান উপায়।

জেলা প্রশাসক আমিনুল ইসলাম পরিচ্ছন্নতা কার্যক্রমে জনগণের সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখ করে জানান, জেলা প্রশাসন ও পৌরসভা সমন্বিতভাবে কাজ করছে। জেলা পরিষদের প্রশাসক জহুরুল ইসলাম বিশু বাসাবাড়ি, অফিস ও প্রতিষ্ঠান পরিষ্কার রাখার গুরুত্বারোপ করে মশার প্রজননস্থল ধ্বংস করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অভিযান চলাকালে জনসাধারণকে বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র ও টায়ারে পানি জমতে না দেওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলা হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin