বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা দরপতন

Published: October 13, 2026, 2:32 am

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে আবারও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। আগের কার্যদিবসে ব্যারেলপ্রতি প্রায় ২ ডলার বৃদ্ধি পাওয়ার পর মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।

মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টার তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ ডলার ৪ সেন্টে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৩ ডলার ২৭ সেন্টে দাঁড়িয়েছে। এর আগে সোমবার লেনদেন শেষে ব্রেন্ট ক্রুডের দাম ছিল ব্যারেলপ্রতি ১০৬ ডলার ৬৫ সেন্ট, যা ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ সমাপনী দর ছিল।

বাজারসংশ্লিষ্টরা মনে করছেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি নিয়ে উদ্বেগই মূলত দামের এই ওঠানামার প্রধান কারণ। একদিকে সৌদি আরবে হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বৃদ্ধির সম্ভাবনা সরবরাহ পরিস্থিতির ওপর প্রভাব ফেলছে। এই দুই বিপরীতমুখী পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে এই অস্থিরতা বজায় রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh