নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবার মৃত্যু

Published: October 6, 2026, 3:16 am

নাইজেরিয়ায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ৩২ জনের সবাই প্রাণ হারিয়েছেন। সোমবার নিয়মিত মিশনে যাওয়ার সময় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি নৌঘাঁটির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন।

ফ্রান্স ২৪-এর একটি প্রতিবেদন অনুযায়ী, বিমানটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথিমধ্যে ওন্দো প্রদেশের একটি নৌঘাঁটির কাছে এটি আছড়ে পড়ে ও বিধ্বস্ত হয়।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু। প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, বিমানে থাকা ২৫ যাত্রী ও ৭ ক্রু সদস্যের শোকসন্তপ্ত পরিবারের প্রতি প্রেসিডেন্ট গভীর সমবেদনা জানিয়েছেন। প্রেসিডেন্ট টিনুবু এই ঘটনাকে সশস্ত্র বাহিনী এবং পুরো জাতির জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন।

দুর্ঘটনায় প্রাণ হারানো বিমানবাহিনীর সদস্যদের স্মরণে নাইজেরিয়াজুড়ে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট বোলা টিনুবু। প্রেসিডেন্টের কার্যালয় আরও জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের প্রথমে দুর্ঘটনার খবরটি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে। এরপর বিমানবাহিনীর পক্ষ থেকে নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin