নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতনের পাশাপাশি তিন মাসের বকেয়া টাকা পেতে শুরু করেছেন সরকারি চাকরিজীবীরা। রবিবার (১ নভেম্বর) সকাল থেকেই অনেক কর্মকর্তা-কর্মচারী মুঠোফোনে অক্টোবর মাসের বেতনের সাথে বকেয়া অর্থ পাওয়ার বার্তা পেতে শুরু করেন। এর মাধ্যমে তারা অক্টোবর মাসের মূল বেতনের পাশাপাশি জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের বর্ধিত বেতনের বকেয়া অর্থ বুঝে পাচ্ছেন।
তবে প্রথম দিনেই সব সরকারি কর্মকর্তা-কর্মচারীর অ্যাকাউন্টে এই অর্থ জমা হয়নি। শুধুমাত্র যারা গত ২৫ অক্টোবরের মধ্যে নিজেদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পেরেছেন, তারাই রবিবারে এই বেতন ও বকেয়া সুবিধা পেয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, যারা নির্দিষ্ট সময়ে বেতন নির্ধারণ সম্পন্ন করতে পারেননি, তারা আজ পাননি। তবে আগামী কয়েক দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হলে তারাও পর্যায়ক্রমে বর্ধিত বেতন ও বকেয়া পেয়ে যাবেন।
নতুন এই বেতনকাঠামোর প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে জারি করা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, যা চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকরের কথা জানানো হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নবম ও তার উপরের গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাচ্ছেন। পরবর্তীতে ২০ ২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত তা ৭৫ শতাংশে উন্নীত হবে এবং ২০২৭ সালের ১ জুলাই থেকে শতভাগ কার্যকর করা হবে।
অন্যদিকে এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতনকাঠামোয় অন্তর্ভুক্ত করা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। রোববার নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, এমপিওভুক্ত শিক্ষকরাও খুব শিগগিরই পে স্কেলের আওতায় আসছেন।





