বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে নেপালের বালেন্দ্র শাহের ধন্যবাদ

Published: September 17, 2026, 6:39 am

নেপালে গত ২৬ আগস্ট আঘাত হানা ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোয় বাংলাদেশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তিনি এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পাঠানো একটি আনুষ্ঠানিক চিঠিতে এই কৃতজ্ঞতা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন।

চিঠিতে বালেন্দ্র শাহ উল্লেখ করেন যে, ২৬ আগস্ট ২০২৬ সালে নেপালে আকস্মিক বন্যার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঠানো সহানুভূতিশীল বার্তাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। বিধ্বংসী এই বন্যায় নেপালের জনগণের প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি, বিভিন্ন অবকাঠামো এবং জীবিকার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা দেশটির সাধারণ মানুষের জীবনে গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছে।

এই সংকটময় মুহূর্তে মানবিক সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারের দেওয়া ১০ লাখ মার্কিন ডলারের অনুদানকে অত্যন্ত উদার পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন নেপালের প্রধানমন্ত্রী। তিনি বিশ্বাস করেন, এই অর্থ নেপালের জনগণের ঘুরে দাঁড়াতে এবং নতুন করে জীবন গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চিঠিতে বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী জানান, এই আবেগঘন উদ্যোগ নেপালের জনগণের প্রতি বাংলাদেশের মানুষের আন্তরিক সহমর্মিতা ও সংহতির বহিঃপ্রকাশ। নেপাল বাংলাদেশকে কেবল ঘনিষ্ঠ প্রতিবেশী নয়, বরং দুই দেশের জনগণের মধ্যকার শক্তিশালী বন্ধনে আবদ্ধ এক প্রিয় বন্ধু হিসেবে বিবেচনা করে। প্রতিকূল সময়ে বাংলাদেশের এই সহযোগিতা নেপালের জনগণের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh