নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের চুল এভাবে কেটে দেওয়ায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ জন শিক্ষার্থীর চুল প্রধান শিক্ষক শহিদুল ইসলাম নিজ হাতে কেটে দেন। এতে শিশুদের চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায় এবং সহপাঠীদের সামনে তারা বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে সমালোচনার ঝড় ওঠে। ভিডিওতে শিক্ষার্থী ও অভিভাবকরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে কথায় কথায় মারধরেরও অভিযোগ তুলেছেন।
মিলন নামে এক অভিভাবক জানান, তিনি বাড়িতে না থাকার সুযোগে তার ছেলের মাথার চুল খোপ খোপ করে কেটে দেওয়া হয়েছে, যদিও ছেলের চুলে কোনো অস্বাভাবিকতা ছিল না। রকেট হোসেন নামের আরেক অভিভাবক জানান, এর আগেও ওই শিক্ষক এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দিয়েছিলেন। তিনি প্রায়ই শিক্ষার্থীদের সঙ্গে এমন আচরণ করেন বলে অভিযোগ করে তিনি এর সুষ্ঠু বিচার দাবি করেন। মিতু বানু নামে এক অভিভাবক অভিযোগ করেন, কয়েক দিন আগে তার ছেলেকে মারধর করায় তার দুই পা রক্তাক্ত হয়েছে, যার ফলে শিশুটি এখন স্কুলে যেতে ভয় পায়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ছেলে-মেয়েদের চুল বড় হয়ে চোখের ওপর আসছিল এবং দেখতে খারাপ লাগছিল বলেই তিনি কয়েকজনের চুল কেটে দিয়েছেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, ঘটনাটি তিনি শুনেছেন এবং বর্তমানে প্রশিক্ষণে থাকায় সহকারী শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি জানান, তিনি বিষয়টি জেনেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। ক্ষুব্ধ অভিভাবকরা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিয়েছেন।





