চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা মো. ছায়েদুল হক (৫০)। ১৯৯৯ সালের জুন মাসে মাসে মাত্র ১ হাজার ৩০০ টাকা বেতনে স্থানীয় জামেয়া রহমানিয়া দাখিল মাদ্রাসায় (বর্তমান ফাজিল মাদ্রাসা) চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে যোগ দেন তিনি। সময়ের ব্যবধানে প্রাতিষ্ঠানিক নিয়মে বেতন কিছুটা বাড়লেও স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সংসার চালাতে বেশ টানাপোড়েনে পড়তে হতো তাঁকে। পরিবারের বাড়তি খরচ ও দুই মেয়ের বিয়ের আয়োজন করতে গিয়ে দেনাগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। সংকট কাটাত বাড়ির পাশের জমি ইজারা নিয়ে ধান ও সবজি চাষ শুরু করলেও তাতে কাঙ্ক্ষিত সাফল্য পাননি ছায়েদুল।
ধারদেনা মেটাতে ও সংসারে স্বস্তি ফেরাতে দুই বছর আগে সিদ্ধান্ত বদল করে আখ চাষে হাত দেন ছায়েদুল হক। নিজের গ্রামের ২৪ শতক জমিতে শুরু করা এই চাষেই ঘুরে যায় তাঁর জীবনের চাকা। চলতি মৌসুমে সেচ, সার ও কীটনাশক বাবদ তাঁর প্রায় দুই লাখ টাকা খরচ হয়েছে। চাষাবাদের কাজে মাঝে মধ্যে দু-একজন শ্রমিক নিয়োগ করতে হলেও মূল কাজে তাঁকে বেশি সহযোগিতা করেছেন তাঁর ছেলে। বর্তমানে খেতের প্রতিটি আখ বাজারে ১০০ থেকে ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে। ইতিমধ্যে খেতের অর্ধেকের বেশি আখ বিক্রি শেষ হয়েছে। সব খরচ বাদ দিয়ে এ বছর আখখেত থেকে আড়াই লাখ টাকার বেশি নিট লাভ হবে বলে তিনি আশাবাদী।
নিজের এই নতুন পথচলা নিয়ে ছায়েদুল হক বলেন, ‘অনেক শিক্ষককে দেখেছি, চাকরির পাশাপাশি অবসর সময় টিউশনি করেন। এতে তাঁদের বাড়তি আয় হয়। আমার যেহেতু সংসারে অভাব আছে, তাই আমিও প্রতিষ্ঠানে নির্দিষ্ট দায়িত্ব পালনের পর বাড়তি আয়ের জন্য আখ চাষ করেছি। চাষ কষ্টসাধ্য হওয়ায় এ অঞ্চলের কৃষকেরা আখ চাষ প্রায় ছেড়ে দিয়েছেন। উৎপাদন কম হওয়ায় বাজারে আখের চাহিদা বেশ ভালো। এই সুযোগ আমি কাজে লাগিয়েছি। সরকারি সহযোগিতা পেলে আগামী বছর চাষ আরও বাড়াব।’
ছায়েদুল হকের এই উদ্যমী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন তাঁর কর্মস্থলের প্রধানও। জোরারগঞ্জ ইউনিয়নের চৈতন্যেরহাট এলাকায় অবস্থিত জামেয়া রহমানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ছাইদুর রহমান বলেন, ‘ছায়েদুল হক দীর্ঘ সময় ধরে আমাদের মাদ্রাসায় চাকরি করছেন। চাকরির পর অবসর সময়ে তিনি বসে না থেকে খেতখামার করেন। এতে তাঁর বাড়তি আয় হয়। খেতখামার করলেও প্রাতিষ্ঠানিক দায়িত্ব পালনে তাঁর কখনো অনিয়ম হয় না।’
মিরসরাই উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে উপজেলার ১৩ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। এর মধ্যে জোরারগঞ্জ, দুর্গাপুর, হিঙ্গুলী ও খৈয়াছড়া ইউনিয়নে সবচেয়ে বেশি আখের আবাদ লক্ষ্য করা গেছে। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় ছায়েদুল হকের প্রচেষ্টার প্রশংসা করে বলেন, ‘মূল পেশার পাশাপাশি বাড়তি পরিশ্রমের মাধ্যমে আখ চাষ করে সফল হয়েছেন ছায়েদুল হক। তাঁর এই সাফল্য অনুসরণীয়। ভবিষ্যতে আখ চাষে তাঁকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’
দক্ষিণ সোনাপাহাড় গ্রামের যে জমিতে ছায়েদুল হকের আখখেত গড়ে উঠেছে, তার এক কিলোমিটার পশ্চিমে রয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পূর্বে পাশ ঘেঁষে গেছে ঢাকা-চট্টগ্রাম রেলপথ। এর পরেই রয়েছে সুউচ্চ পাহাড়ের সারি। প্রাকৃতিক পরিবেশের এই কোলে ছায়েদুলের পরিশ্রম ও সঠিক সিদ্ধান্তের ফসল হিসেবে সারি সারি আখ এখন মাঠে শোভা পাচ্ছে।





