যুক্তরাষ্ট্রের মিয়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বিমানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার রাতে রানওয়ে দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এর একদিন আগেই যুক্তরাষ্ট্রজুড়ে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং লাখ লাখ যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছিলেন।
ঘটনাটি ঘটে রাত সোয়া ৯টার দিকে, যখন বিমানগুলো ট্যাক্সিওয়ে দিয়ে যাচ্ছিল। সংঘর্ষের সময় কোপা এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ বিমানের ডানার প্রান্ত ইউপিএস-এর একটি বোয়িং ৭৬৭ কার্গো বিমানের সামনের অংশে আঘাত করে। কোপা এয়ারলাইন্সের ওই বিমানে মোট ১৬৬ জন যাত্রী এবং ছয়জন ক্রু ছিলেন।
কোপা এয়ারলাইন্স কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই ঘটনায় দুজন আহত হয়েছেন। বিমানবন্দর প্যারামেডিকদের মাধ্যমে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পানামাভিত্তিক এই বিমান সংস্থাটি আরও জানায়, বিমানটি বর্তমানে টার্মিনালে রয়েছে এবং সব যাত্রী নিরাপদে নেমে গেছেন। বাকি যাত্রী ও ক্রুরা সুস্থ আছেন বলেও কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করে তারা জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের প্রধান অগ্রাধিকার এবং ঘটনার তদন্তে তারা কর্তৃপক্ষকে পূর্ণ সহযোগিতা করবে।





