প্রথম ফুটবলার হিসেবে ‘স্প্যানিশ নোবেল’ পেলেন লিওনেল মেসি

Published: October 24, 2026, 5:29 am

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি প্রথম ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ 'প্রিন্সেস আস্তুরিয়াস অব অ্যাওয়ার্ড ফর স্পোর্ট' অর্জন করেছেন। তার দীর্ঘ ক্যারিয়ারের অনন্য অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় তার দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে রাখা গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

স্পেনের উত্তরের আস্তুরিয়াস অঞ্চলের রাজধানী ওভিয়েদোতে আয়োজিত এই অনুষ্ঠানে রাজকীয় আমেজ ছিল চোখে পড়ার মতো। মেসি অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয় ব্যাগপাইপ ও ঢোলের সুরের মূর্ছনায়। সেখানে উপস্থিত আর্জেন্টিনার জার্সি পরিহিত সমর্থকরা তাকে দেখে উল্লাস প্রকাশ করেন এবং বারবার তার নাম ধরে স্লোগান দিতে থাকেন।

স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী রাজকন্যা লিওনর এই পুরস্কারটি মেসির হাতে তুলে দেন। পুরস্কারের অংশ হিসেবে মেসিকে একটি পার্চমেন্ট স্ক্রল প্রদান করা হয়। মেসির অর্জনের প্রশংসা করে রাজকন্যা লিওনর বলেন, মেসি অসাধারণ দক্ষতাকে নিজের প্রতিদিনের কাজের অংশ করে ফেলেছেন। খেলাটি গভীরভাবে বোঝার ক্ষমতা এবং সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে সবচেয়ে কার্যকর সিদ্ধান্ত নেওয়ার দক্ষতার পাশাপাশি তিনি সবসময় ব্যক্তিগত অহংকারের চেয়ে দলীয় চেতনাকে উঁচুতে স্থান দিয়েছেন।

প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশনের আয়োজনে প্রতিবছর ওভিয়েদোর তেত্রো কাম্পামোয়র থিয়েটারে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে স্পেনের রাজা ও রানি সভাপতিত্ব করেন। ১৯৮১ সাল থেকে চালু হওয়া এই পুরস্কারটি অনেক সময় 'স্প্যানিশ নোবেল' হিসেবে পরিচিত। পুরস্কারের অর্থমূল্য হিসেবে রয়েছে ৫০ হাজার ইউরো বা প্রায় ৭০ লাখ টাকা। এছাড়াও বিজয়ীদের দেওয়া হয় জোয়ান মিরোর নকশা করা একটি ভাস্কর্য, একটি সনদ এবং একটি প্রতীকী পদক। মানুষের সহাবস্থান, সংহতি ও বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টাকে সম্মান জানাতেই এই পুরস্কার দেওয়া হয়।

শুক্রবার ২৩ অক্টোবর আয়োজিত এই অনুষ্ঠানে মেসি ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা পুরস্কার গ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন ব্রিটিশ লেখক জুলিয়ান বার্নস, যুক্তরাষ্ট্রের নভোচারী ক্রিস্টিনা কোচ এবং পাঙ্ক তারকা প্যাটি স্মিথ। এর আগে ক্রীড়া বিভাগে টেনিস কিংবদন্তি সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদাল, ম্যারাথনের রেকর্ডধারী এলিউদ কিপচোগে এবং যুক্তরাষ্ট্রের স্কিয়ার লিন্ডসে ভন এই সম্মাননা পেয়েছেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh