মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত বন্ধু

Published: October 7, 2026, 6:46 am

ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাটাখালী এলাকায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রিওন হোসেন (২২) মহেশপুর উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলাম মন্টুর ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা বন্ধু নাফিজ গুরুতর আহত হয়েছেন।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ফোন কেনার উদ্দেশ্যে বন্ধু নাফিজকে নিয়ে মোটরসাইকেলযোগে কালীগঞ্জে গিয়েছিলেন রিওন। কেনাকাটা শেষে রাতে বাড়ি ফেরার পথে কাটাখালী এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিওন হোসেনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাফিজকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh