প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ৪৪। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয়। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান ও বৌদ্ধসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ। একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রাখা জরুরি। তিনি প্রতিটি নাগরিককে নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।
শ্রীকৃষ্ণের জন্মকাহিনি থেকে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা পাওয়ার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, অন্যায় ও নিষ্ঠুরতা যত শক্তিশালীই হোক না কেন, এর পরিণতি থেকে কেউ রক্ষা পায় না। তিনি আরও বলেন, রাষ্ট্র ও সমাজে দায়িত্ব পালনের ক্ষেত্রে ধর্মীয় পরিচয়ের চেয়ে ন্যায়, সততা ও মানবিকতাই বড়। আদালতে একজন আইনজীবী ধর্মীয় পরিচয়ে নয়, বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার ব্রত নিয়ে দায়িত্ব পালন করেন। সমাজের প্রতিটি ক্ষেত্রে এই সম্প্রীতির চেতনা ধারণ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. শাহজাহান কবির, মহানগর দায়রা জজ মো. রফিকুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং ভারপ্রাপ্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমানসহ বিচার বিভাগীয় কর্মকর্তা, ঢাকা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।





