প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

Published: September 17, 2026, 4:37 pm

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা খর্ব করার জন্য সরকার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় প্রধান ডা. শফিকুর রহমান। তিনি মন্তব্য করেন যে, বর্তমান সরকার দেশবাসীকে দেওয়া তাদের প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে উল্টো পথে হাঁটছে।

ডা. শফিকুর রহমান বলেন, প্রবাসীদের কেবল ‘রেমিট্যান্স যোদ্ধা’ হিসেবে আখ্যায়িত করলেই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না; বরং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বন্ধ বা সীমিত করার কোনো উদ্যোগ নেওয়া হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তার মতে, এ ধরনের সিদ্ধান্ত প্রবাসীদের প্রতি জুলুমের শামিল হবে।

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, সেখানে চতুর্থবারের মতো যেন অচলাবস্থা তৈরি না হয়, সেজন্য শ্রমবাজারের সিন্ডিকেট ভাঙার ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বিরোধী দলের লক্ষ্য ক্ষমতার জন্য নয়, বরং জনগণের বিজয় নিশ্চিত করা বলে তিনি উল্লেখ করেন। ডা. শফিকুর রহমান জানান, সংসদ ও সংসদের বাইরে যেকোনো অন্যায় এবং জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মুখ বন্ধ করার উদ্দেশ্যে কোনো আইন প্রণয়ন করা হলে তা মেনে নেওয়া হবে না। তিনি জনগণের অধিকার এবং মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও জোর দেন।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin