লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর দাবি মালিকদের

Published: September 23, 2026, 3:03 am

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে যাত্রীবাহী লঞ্চের ভাড়া ৫১ থেকে ৬০ শতাংশ বাড়ানোর দাবি জানিয়েছে লঞ্চ মালিকদের সংগঠন। কিলোমিটার প্রতি ভাড়া ১ টাকা ৫০ পয়সা বৃদ্ধির এই দাবি জানিয়ে সরকারের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল (যাপ) সংস্থা।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ভাড়া বর্তমানের ২ টাকা ৯৫ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪৫ পয়সা করতে হবে। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৫২ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ২ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছেন তারা।

গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নৌপরিবহন, রেলপথ ও সেতু বিভাগ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলমের কাছে এই দাবি সম্বলিত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে সই করেছেন যাপ সংস্থার প্রেসিডেন্ট গোলাম নবী আলমগীর।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২১ সেপ্টেম্বর সরকার প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করেছে। এতে জ্বালানি তেলের দাম প্রায় ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চগুলো সম্পূর্ণভাবে ডিজেল ও মবিলচালিত হওয়ায় তাদের পরিচালন ব্যয় অনেকাংশে বেড়ে গেছে।

লঞ্চ মালিকদের দাবি, কেবল জ্বালানি তেলই নয়, সম্প্রতি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিভিন্ন ফি ও চার্জও বাড়িয়েছে। এর মধ্যে কনজারভেন্সি চার্জ ৩০ শতাংশ, রুট পারমিট ফি ৫০ শতাংশ এবং বার্দিং চার্জ ১১৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এছাড়া রুট পারমিটের আবেদন ফরমের ফি ৬০ শতাংশ বাড়ানোসহ বিশেষ অনুমতি ফি, স্থগিত রুট পারমিট পুনর্বহাল চার্জ এবং মালিকানা বা নাম পরিবর্তনের ফি নতুন করে নির্ধারণ করা হয়েছে।

পাশাপাশি লঞ্চ তৈরি ও মেরামতের কাজে ব্যবহৃত প্লেট, অ্যাঙ্গেল, প্রপেলার, ইঞ্জিনের খুচরা যন্ত্রাংশ, ওয়েল্ডিং রড, গ্যাস, রং ও ডকিংসহ অন্যান্য খরচ ক্ষেত্রবিশেষে ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বলে চিঠিতে দাবি করা হয়েছে। লঞ্চ মালিকরা জানান, ব্যবসা টিকিয়ে রাখতে হলে এই ভাড়া বৃদ্ধি করা জরুরি, অন্যথায় ডিজেলের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh