গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অন্তত ৪৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রম আইনের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী কারখানাগুলোর প্রধান ফটকে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে, যার ফলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।
স্থানীয় প্রশাসন ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিকেরা ন্যূনতম মজুরি বৃদ্ধি এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করছিলেন। আন্দোলনের একপর্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, সফিপুর ও মৌচাক এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে উত্তরবঙ্গের সঙ্গে রাজধানীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং দীর্ঘ সময় মহাসড়ক বন্ধ থাকায় কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এর ফলে সাধারণ যাত্রী, রোগী ও পণ্যবাহী পরিবহনগুলো চরম ভোগান্তির শিকার হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দফায় দফায় শ্রমিকদের সঙ্গে আলোচনা করলেও আন্দোলন অব্যাহত থাকে। এই পরিস্থিতিতে কারখানার জানমাল ও উৎপাদন পরিবেশের নিরাপত্তার কথা বিবেচনা করে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা (‘কাজ নেই, মজুরি নেই’) মোতাবেক কারখানাগুলো বন্ধ (লে-অফ) ঘোষণা করে মালিকপক্ষ। বন্ধ হওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে অ্যাপেক্স ল্যানজারী, অ্যাপেক্স হোল্ডিংস, অ্যাপেক্স ফুটওয়্যার, ট্রপিকাল, মোয়াজুদ্দিন, ইন্টারস্টফ, সাদমা, ফারইস্ট, ইকোটেক্স, আহসান কম্পোজিট, ডিভাইন, লিডা, লিভেন্ডা ও ইনক্রেডিবলসহ অধিকাংশ কারখানা।
কারখানা কর্তৃপক্ষের দাবি, বহিরাগতদের উসকানিতে একটি পক্ষ কারখানায় ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছিল। উৎপাদন ব্যাহত হওয়া এবং নিরাপত্তার ঝুঁকি তৈরি হওয়ায় তারা বাধ্য হয়েই কারখানা বন্ধ রাখার এই সিদ্ধান্ত নিয়েছেন। সকালে কাজে যোগ দিতে আসা অনেক সাধারণ শ্রমিক নোটিশ দেখে হতাশ হয়ে ফিরে গেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চল এলাকায় অতিরিক্ত শিল্প পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, শ্রমিক আন্দোলন দমাতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মহাসড়ক অবরোধ করে কেউ যেন নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তবে শ্রমিকদের আন্দোলনে বিরক্ত হয়ে ইতিমধ্যেই ১৫ থেকে ২০টি কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গাজীপুর শিল্প পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্রুত কারখানাগুলো পুনরায় চালু করার চেষ্টা চলছে।





