সাইবার হামলার আশঙ্কায় জনতা ব্যাংক ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। পোর্টালে প্রবেশাধিকার বিচ্ছিন্ন থাকায় ব্যাংকের ওয়েবসাইটভিত্তিক কোনো সেবা নিতে পারছেন না গ্রাহকেরা। সাইট বন্ধ থাকায় প্রয়োজনীয় কোনো তথ্য জানার সুযোগও বন্ধ রয়েছে।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে জনতা ব্যাংকের প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলে সেখানে একটি নোটিশ প্রদর্শিত হতে দেখা যায়। বিজ্ঞপ্তিতে লেখা রয়েছে, "আমাদের অ্যাপ্লিকেশনটি বর্তমানে নির্ধারিত রক্ষণাবেক্ষণের অধীনে রয়েছে। এটি শীঘ্রই চালু হবে। এই অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। জনতা ব্যাংক পিএলসি।"
উক্ত বার্তার পর পরবর্তীতে একাধিকবার ব্যাংকের ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করেও আর ঢুকতে পারেননি গ্রাহকেরা। সাইবার নিরাপত্তার ঝুঁকি এড়াতেই সাময়িকভাবে ওয়েবসাইট দুটি বন্ধ রাখার এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।





