ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের ওপরই বর্তায়। চলতি বছরের শেষ নাগাদ এই যুদ্ধ শেষ হতে পারে কি না, এমন প্রশ্নের জবাবে ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, ইরান এই যুদ্ধ আর চালিয়ে যেতে আগ্রহী নয়, তবে ওয়াশিংটনকে সিদ্ধান্ত নিতে হবে তারা এই সংঘাত বন্ধ করতে চায় কি না।
এর আগে গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে ইরানের প্রেসিডেন্ট স্পষ্ট করেছিলেন যে, যুক্তরাষ্ট্রের চাপের কাছে তেহরান কখনোই আত্মসমর্পণ করবে না। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন যে, যুদ্ধ শেষ করার বিষয়ে কোনো চুক্তি না হলে তিনি ইরানকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে তিনি এ-ও বলেছিলেন যে, শিগগিরই একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে এই যুদ্ধের সূচনা হয়। এর জবাবে ইরান ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চালায়, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। এই সংঘাতের জেরে ইরান ও লেবাননে ইসরায়েলের হামলায় হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
যুদ্ধের অন্যতম লক্ষ্য হিসেবে ইরানের পারমাণবিক সক্ষমতা দুর্বল করার কথা উল্লেখ করেছেন ট্রাম্প। তবে ইরান বরাবরই পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরান দাবি করছে, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) পক্ষভুক্ত দেশ হিসেবে শান্তিপূর্ণ কাজে পারমাণবিক প্রযুক্তি উন্নয়নের অধিকার তাদের রয়েছে। ইরান আরও বলছে, তাদের কাছে কোনো পারমাণবিক অস্ত্র নেই, যেখানে যুক্তরাষ্ট্রের কাছে তা রয়েছে। উল্লেখ্য, জাতিসংঘে ইরানের প্রেসিডেন্টের ভাষণ শুরুর সময়ে মার্কিন প্রতিনিধিদল সভাকক্ষ থেকে বেরিয়ে গিয়েছিল।





